আগুনে ক্ষতিগ্রস্ত টেলিকম মন্ত্রণালয়
আপডেট: প্রায় ৬ ঘণ্টা জ্বলার পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। সূত্রপাত জানাযায়নি। তদন্তে ৫-১১ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মধ্যরাতে দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের সাত ভবনে আগুন লেগেছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে ৬টি মন্ত্রণালয় ও একাধিক বিভাগের অফিস রয়েছে।
এই ভবনের ৫ম ও ৮ম তলায় পরিচালিত হয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ। ৫ম তলায় সচিব ড. মোঃ মুশফিকুর রহমান এবং অষ্টম তলায় উপদেষ্টা নাহিদ ইসলাম বসেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন আগুনে অষ্টম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রমতে, ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলছে। প্রায় ৫ ঘণ্টার বেশি হতে চলেছে ভবনটিতে দাউ দাউ জ্বলছে আগুন। ভবনের পূর্ব পাশের দিক থেকে ধোঁয়া বের হচ্ছে। নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল সদস্যেদের। ঘটনাস্থলে সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সচিবালয়ের ৭ নম্বর ভবনটির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ছয়টার দিকে দেখা গেছে, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা কমছে না। ভবনের গ্লাস ভেঙে পড়ছে নিচে।
এদিকে সচিবালয়ে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিসকর্মী মারা গেছেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ছাড়া পা কেটে আঘাতপ্রাপ্ত হন আগুন নেভানোর কাজে নিয়োজিত আরেক ফায়ার কর্মী। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। সহকর্মীর মৃত্যুর খবর জানার পরেও আগুনের সঙ্গে লড়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা।

৭ তলা ভবনে যে ৬ মন্ত্রণালয়
*** যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
*** ডাক, টেলিযোগাযোগ ও ত
* ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
*** স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
* স্থানীয় সরকার বিভাগ
* পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
*** শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
*** অর্থ মন্ত্রণালয়
* অর্থ বিভাগ
* আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
* অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
*** সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
* সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়। এরপর উদ্ধার সহযোগিতার জন্য দুই প্লাটুন বিজিবি সদস্যদের আনা হয় সচিবালয়ে। এই তিন বাহিনীর সদস্যরা মিলে এখন সচিবালয় এলাকা নিরাপত্তা দিচ্ছেন এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন।
অপরদিকে উৎসুক জনতার মুখে, ছুটির দিনে সচিবালয়ে আগুনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। সচিবালয়ের নিজস্ব দমকল ইউনিট থাকার পরও এতো সময় লাগাতেও সংশয় তৈরি হয়েছে। কেউ কেউ প্রশ্ন রাখছেন, আইসিটি ও টেলিকম খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রস্তুতের পর ওই ভবনে আগুন স্যাবোটাজ নয় তো?







